নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরো দুজনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। গতকাল সকালে পরীক্ষা চলাকালে তাদের সাজা দেয়া হয়। বিকাল ৪টার দিকে মিডিয়া সেলে এসব তথ্য জানান জেলা প্রশাসক গোলাম মওলা।

তিনি জানান, নিয়োগ পরীক্ষা চলাকালে মান্দা উপজেলার মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনজনের কাছে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। এ অপরাধে মিঠুন ও সুলতানা নামে দুজনকে এক মাস করে এবং রবিউল ইসলাম নামে একজনকে ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া উপজেলার শহীদ কামরুজ্জামান টেক্সটাইল কেন্দ্র থেকে আটক নাইমুর রহমান ও মোস্তাফিজুর বিন আমিনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া বদলগাছী উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটকের পর একজনের নামে নিয়মিত মামলা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।