রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মা–মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ শাহজাহান রোডের ৩২/২/এ নম্বর ভবনের সপ্তম তলার ওই বাসা থেকে মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসার গৃহপরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে।

তিনি আরো জানান, নিহতরা ওই ভবনে বসবাস করতেন। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। এরপর দুপুর ১২টার দিকে বাসায় এলে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।