গতকাল সন্ধ্যায় বুড়িচং উপজেলার কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া কক্সবাজারে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। চাঁদপুর, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জে আরো তিনজন প্রাণ হারিয়েছেন। রাঙ্গামাটিতে যাত্রীবাহী বাস উল্টে ১৯ জন আহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
কুমিল্লা: ঢাকা থেকে একটি প্রাইভেট কার নোয়াখালী যাচ্ছিল। বুড়িচং উপজেলার কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারচালক জামাল হোসেন (৫২) নিহত হন। মুমূর্ষু অবস্থায় শিশুসহ চারজনকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চারজনের মৃত্যু হয়। তারা হলেন আব্দুল মুমিন (৪৮) ঝর্ণা আক্তার (৪২), লাবিবা আক্তার (১৪) ও আরশাদ (১০)। তারা নোয়াখালীর সোনাইমুড়ী এলাকার বাসিন্দা।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মুমিন জানান, স্টার লাইন পরিবহনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটিও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কক্সবাজার: জেলার চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকটি মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চলছিল। ভোরে বানিয়ারছড়া এলাকায় বাসটি একই লেনে থাকা দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে একটি মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। অন্য মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হন।
নিহতরা হলেন ঢাকার উত্তরখান আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) ও একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। আহত ব্যক্তিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
চিরিংগা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন।
চাঁদপুর: দুই অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজিগঞ্জ বাকিলার পশ্চিম বাজারের আন্ধারে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
কিশোরগঞ্জ: পাকুন্দিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল বেলা ২টার দিকে উপজেলার পাটয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের বাবর আলী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। সে কিশোরগঞ্জ ওয়ালী নেওয়াজ খান কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।
নারায়ণগঞ্জ: ফতুল্লায় বাসচাপায় লতা রানী মণ্ডল (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত লতা রানী ফতুল্লার পিলকুনি এলাকার সুখরঞ্জন মণ্ডলের স্ত্রী।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত লতা রানীর মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাঙ্গামাটি: যাত্রীবাহী বাস উল্টে ১৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। আরো ১০ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের সাপছড়িতে এ দুর্ঘটনা ঘটে।
বাসটির যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে গার্মেন্টে কর্মরতরা বাসটি ভাড়া করে চট্টগ্রামে যাচ্ছিলেন। পথে গাড়ির ব্রেক ফেল করলে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। বাসটিতে ৪০-৪৫ জন যাত্রী ছিলেন।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান জানান, আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে চট্টগ্রামে রেফার করা হয়। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।










