বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প সময়ের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ রোববার (৫ জানুয়ারি) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমানের দেশে ফেরার মতো পরিবেশ এখনো পুরোপুরি তৈরি হয়নি। তবে আমরা সেই পরিবেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছি। অল্প সময়ের মধ্যেই তিনি দেশে ফিরবেন।
তিনি আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন। অন্তর্বর্তী সরকারকে ধারণা না দিয়ে সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে হবে।
নতুন রাজনৈতিক দল নিয়ে মন্তব্য করতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সবসময় নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায়। তবে তা যেন সরকারের আশ্রয়ে তৈরি কোনো ‘কিংস পার্টি’ না হয়।
সংবিধান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান কখনো কবর দেওয়া যায় না। এটি পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন হতে পারে। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে সবার দায়িত্বশীল ভূমিকা থাকা জরুরি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই দলের প্রধান লক্ষ্য।










