গতকাল এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ মিশনকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেয়া হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুততম সময়ে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সমন্বিত পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক: ১৬ বাংলাদেশী নাগরিকের প্রাণহানিতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই মন্ত্রী নিহত বাংলাদেশী নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন এবং তাদের এ অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পরই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছেন।

সেই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অগ্নিকাণ্ডে ১৬ জন প্রবাসী বাংলাদেশী শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

গতকাল এক শোকবাণীতে জামায়াত সেক্রেটারি বলেন, ‘সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একদল রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশীর মৃত্যুর খবর হৃদয়বিদারক ও কষ্টদায়ক। এসব প্রবাসীর ওপর সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা বহুলাংশে অনেক ক্ষেত্রে পুরোপুরি নির্ভরশীল এবং তারা পরিবারের আশা-ভরসার স্থল। জীবিকার তাগিদে সুদূর পরবাসে গিয়ে এভাবে তাজা প্রাণগুলো ঝরে পড়া পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’