প্রতি বছরের মতো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এর মধ্যে চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন গ্রাম রয়েছে।
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশসহ বিভিন্ন উপজেলার প্রায় ৬০ গ্রামের মির্জাখীল দরবার শরিফ ও জাহাঁগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা আজ পবিত্র ঈদুল আজহা পালন করবেন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ঈদের জামাতের সময়সূচি অনুযায়ী চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবারের পীর সৈয়দ মো. আলীর ইমামতিতে সকাল ৭টায় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। অন্যদিকে সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফে সকাল ৯টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে সৈয়দ মাওলানা মুহাম্মদ আবদুর রহমান শাহ জাহাঁগিরির ইমামতিতে। সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত পরিচালনা করবেন ড. সৈয়দ মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান জাহাঁগিরি।
এছাড়া চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন করবে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীতে ৩৫টি গ্রামে ২৫ হাজার মানুষ পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা পালন করবে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০টি গ্রামে আজ ঈদ উদযাপিত হবে। ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় তিন হাজার পরিবার একদিন আগে ঈদুল আজহা উদযাপন করবে। এছাড়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি গ্রামে দুই শতাধিক লোক পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে আজ।










