ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রাকিবুল ইসলাম (২২) নামের এক যুবক মারা গিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান। সর্বশেষ দুই বছর আগে এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছিল।

রাকিবুল ইসলাম পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। মাসখানেক আগে তিনি ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কর্মী হিসেবে যোগ দেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১৮ সেপ্টেম্বর রামেক হাসপাতালে ভর্তি হন রাকিবুল। 

এর আগে ২০১৯ সালের ১২ আগস্ট রামেক হাসপাতালের আইসিইউতে মারা যান আব্দুল মালেক (১৯) নামের ডেঙ্গু আক্রান্ত তরুণ।

রামেক হাসপাতালের আইসিইউ ইউনিট প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, তীব্র জ্বর, মাথা ও পেট ব্যথা নিয়ে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাকিবুল ইসলাম। সেখান থেকে রোববার তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। তার কিডনির কার্যক্ষমতা স্বাভাবিকের চেয়ে চারগুণ বেশি খারাপ ছিল, জ্বর ছিল ১০৬ ডিগ্রি। আইসিইউতে নেয়া হলেও শেষ পযর্ন্ত তাকে বাঁচানো যায়নি।

আজ সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের প্রাণহানি ঘটেছে। চিকিৎসা নিচ্ছেন ১৮ জন রোগী ও গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ জন রোগী।

গত ১৪ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত রামেক হাসপাতালে ৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৬ জন ও মারা গেলেন একজন।

চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তরা বেশির ভাগ পাবনা জেলার বাসিন্দা। তারা সবাই সম্প্রতি ঢাকা ঘুরে এসেছেন। তবে রাজশাহী মহানগরের বাসিন্দাদের এখন পর্যন্ত কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হননি।