ঝালকাঠির কাঁঠালিয়ায় সেপটিক ট্যাংকের ভেতরে প্রতিবেশী যুবককে ঢুকিয়ে হত্যা করার অভিযোগে মামলা হয়েছে। ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে মিস্ত্রি মারা যাওয়ার ঘটনা গোপন রেখে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বুধবার রাতে নিহত মজনু মিয়ার বাবা শাহদৎ হোসেন মিয়া বাদী হয়ে বাড়ির মালিক ফ্রান্স প্রবাসী মিরাজ খানের ছোট ভাই পলাশ খানকে (২৮) প্রধান আসামি করে কাঁঠালিয়া থানায় হত্যা মামলা করেন। পলাশ খান পূর্ব মহিষকান্দি গ্রামের আলতাফ হোসেন খানের ছেলে।
এ মামলায় অন্য দুই আসামি হচ্ছে পলাশ খানের সহযোগী চেঁচরী রামপুর গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে ইলিয়াস মিয়া (২৯) ও একই গ্রামের হারুন মিয়ার ছেলে রিপন (২৮)।
মঙ্গলবার সকালে ওই ট্যাংকির ভেতরে মিস্ত্রি আসাদুল ও মজনু মিয়ার মৃত্যু হয়। কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।









