মতিঝিল মেট্রোরেল স্টেশনে এক নারী যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ জাকির হোসেন নামে এক ছিনতাইকারী আটকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের 'এন্ট্রি-এ' গেটে এক নারী যাত্রীর ব্যাগ ধরে টানাটানি করছিল এক ছিনতাইকারী। লিফটের সামনে তাকে ভয়ভীতি দেখালে বিষয়টি স্টেশনটিতে টহল ডিউটিরত আনসার সদস্য মো. রাকিবুল ইসলামের নজরে আসে।
তাৎক্ষণিকভাবে এপিসি রোকনুজ্জামান ও আনসার শাহীন মিয়াকে সঙ্গে নিয়ে দ্রু অভিযান পরিচালনা করেন তিনি। তাদের প্রচেষ্টায় ওই ছিনতাইকারীকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বড় ধারালো ছুরি জব্দ করা হয়।
আরো বলা হয়, স্টেশনের কন্ট্রোলারের উপস্থিতিতে জব্দ অস্ত্রসহ আটক ছিনতাইকারীকে এমআরটি পুলিশের কাছে সোপর্দ করেন আনসার সদস্যরা।










