সরকারের আন্তরিকতা ও সদিচ্ছার অভাবে পাবর্ত্য চট্টগ্রাম চুক্তি অবাস্তবায়িত অবস্থায় ঝুলে আছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। শুক্রবার (২৩ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, 'চুক্তির ২৫ বছর হতে চলেছে, কিন্তু পাহাড়ে এখনো অনেক সমস্যা রয়ে গিয়েছে। পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার কারণে পাহাড়ের মানুষ এখনো অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কাজেই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সকলকে বেগবান হতে হবে, আরো কঠোর সংগ্রাম চালিয়ে যেতে হবে।'

পাহাড়ি ছাত্র পরিষদ জেলা শাখার সহ-সভাপতি জিকো চাকমার সভাপতিত্বে ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমন মারমা, হিল উইমেন্স ফেডারেশন জেলার সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যাসহ আরও অনেকে।