সিলেট টেস্ট দাপটে জয়ের পর চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫৩১ রানের সৌধ গড়েছে শ্রীলংকা। তিন ফিফটিতে ৪ উইকেটে ৩১৪ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিন মাঠে নামা সিংহলিজরা বাকি ৬ উইকেট হারিয়ে বোর্ডে আরো ২১৭ রান যোগ করতে সমর্থ হয়। প্রথম দিনের তিনজনের পর গতকালও সিংহলিজদের তিনজন ফিফটি করেন। সব মিলিয়ে অতিথিদের ছয়জন ফিফটি করেন। দুদিনে ১৫৯ ওভার ফিল্ডিং করা স্বাগতিকরা জবাব দিতে নেমে ১ উইকেটে ৫৫ রান তুলে মাঠ ছাড়ে। জাকির হাসান ২৮ ও ‘নাইটওয়াচম্যান’ তাইজুল ইসলাম শূন্য রানে অপরাজিত রয়েছেন।
দিনেশ চান্দিমাল ৩৪ ও ধনাঞ্জয়া ১৫ রানে অপরাজিত থেকে গতকাল সকালে ব্যাটিংয়ে নামেন। চান্দিমাল ১০৪ বলে ৫৯ রান করে সাকিব আল হাসানের শিকার হন। আউট হওয়ার আগে ধনঞ্জয়ার সঙ্গে ৮৬ রানের জুটি গড়েন শ্রীলংকার সাবেক অধিনায়ক।
প্রথম ঘণ্টায় উইকেট বোলারদের খানিকটা সাহায্য করলেও পরে তেমনটি আর দেখা যায়নি। বরং সাবলীল ব্যাটিংয়ে দলের সংগ্রহটা বড় করতে থাকেন ধনঞ্জয়া ও কামিন্দু। এ দুজন মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ৩৬ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন ছিলেন। দ্বিতীয় সেশন শুরুর পর ধনঞ্জয়াকে আর কোনো রান করতে দেননি খালেদ আহমেদ। এ পেসার তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। সিলেট টেস্টে জোড়া সেঞ্চুরি করা ধনঞ্জয়া চট্টগ্রামে প্রথম ইনিংসে করেছেন ৭০ রান।
৪১১ রানে ষষ্ঠ উইকেট পতনের পর সিলেটে উভয় ইনিংসে সেঞ্চুরি করা কামিন্দু মেন্ডিস (৯২) টেল-এন্ড নিয়ে লড়ে দলের সংগ্রহ ৫০০ পার করেন। সাকিব ১১০ রানে ৩টি ও অভিষিক্ত মাহমুদ ৯২ রানে ২টি উইকেট নেন।
রানের পাহাড়ে চাপা পড়া বাংলাদেশ জবাব দিতে নেমে দলীয় ৪৭ রানে হারায় মাহমুদুল হাসান জয়কে। লাহিরু কুমারার বলে বোল্ড হয়েছেন তিনি। এরপর দুর্দান্ত ব্যাটিং করা জাকিরের সঙ্গে যোগ দেন তাইজুল। ৯ উইকেট হাতে নিয়ে অতিথিদের প্রথম ইনিংস থেকে এখনো ৪৭৬ রানে পিছিয়ে স্বাগতিকরা। চট্টগ্রাম টেস্ট জিতে সিরিজ ড্র করতে মরিয়া বাংলাদেশকে পাড়ি দিতে হবে আরো বহু পথ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সাতশোর্ধ্ব রানের দলীয় সংগ্রহের রেকর্ড আছে শ্রীলংকার। ২০১৮ সালে কুশল মেন্ডিসের ১৯৬, ধনঞ্জয়ার ১৭৩ ও রোশেন সিলভার ১০৯ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ৭১৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল সিংহলিজরা। বাংলাদেশের হয়ে মুমিনুল হক দুই ইনিংসেই করেছিলেন সেঞ্চুরি। টেস্টটি ড্র হয়েছিল। এবার কি সেই লড়াই ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশ?
এছাড়া জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০১৪ সালে ৫৮৭ রানের ইনিংস আছে শ্রীলংকার। যদিও বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহটা মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ২০২২ সালে ৬ উইকেটে ৭৩০ রানের সৌধ গড়েছিল তারা।
দুই টেস্ট সিরিজে শ্রীলংকা ১-০-তে এগিয়ে রয়েছে। এবার চট্টগ্রামে ন্যূনতম ড্র করলেই সিরিজ জিতে নেবে তারা। আর বাংলাদেশকে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা প্রথম ইনিংস: ৫৩১/১০ (কুশল ৯৩, কামিন্দু ৯২*, করুণারত্নে ৮৬, ধনঞ্জয়া ৭০, চান্দিমাল ৫৯, মাদুস্কা ৫৭; সাকিব ৩/১১০, হাসান ২/৯২)। বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৫/১ (জাকির ২৮*, জয় ২১, তাইজুল ০*; লাহিরু ১/৪)। —প্রথম দিন শেষে










