সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ থাকায় গ্রাহকদের কাছ থেকে চলতি মাসের বিলের ৫০ শতাংশ সেবামূল্য না নেয়ার নির্দেশনা চেয়ে আইনি নোটিস পাঠানো হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ মোট চারজনকে এ আইনি নোটিস পাঠানো হয়েছে। মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষে গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিস পাঠান।

দেশে ইন্টারনেট না থাকার কারণে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে অতিদ্রুত সে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা নিতে এবং বর্তমানে নিম্নগতির ইন্টারনেটের কারণে জনগণের ক্ষয়ক্ষতির বিষয়ে পদক্ষেপ নিতে নোটিস গ্রহীতাদের অনুরোধ করা হয়েছে। নোটিস প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে সব ব্রডব্যান্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।