বান্দরবানে শিশু নির্যাতন মামলায় সারাহ সুদীপা ইউনুছ নামের এক মানবাধিকার কর্মী গ্রেফতার হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের বনরূপা পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে রওশন আরা নামের এক নারী সারাহ সুদীপা ইউনুছ (৪০) ও ফয়সাল আহম্মেদ (৪৫) দম্পতির বিরুদ্ধে বান্দরবান সদর থানায় শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে ওইদিন অভিযুক্ত দম্পতির বাড়ি থেকে ভুক্তভোগী নয় বছরের গৃহকর্মী শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এরপর তাকে আদালতে পাঠানো হয়। একই দিন জবানবন্দি নেয়ার পর ওই শিশুকে সেফহোমে পাঠানোর নির্দেশ দেন আদালত। বর্তমানে শিশুটি চট্টগ্রামের হাটহাজারী সেফহোমে (শিশু নিরাপদ আবাসন) রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বান্দরবান সদর থানার উপপরিদর্শক গোবিন্দ শর্মা বণিক বার্তাকে বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে সারাহ সুদীপা ইউনুছকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার স্বামী ফয়সাল আহম্মেদকে গ্রেফতারের চেষ্টা চলছে।