সাংবাদিকদের উপর হামলার মামলায় গ্রেফতার করা হয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) দুই কর্মীকে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের পিসি কালচার হাউজিং সোসাইটি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভাণ্ডাররক্ষক মো. জীবন ও নির্বাহী পরিচালক আবদুর রশীদের গাড়িচালক আবদুস সবুর। আজ সোমবার দুপুরে তাদের রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ তোলা হয়। এসময় জামিন আবেদন করেন আসামীপক্ষ। কিন্তু আদালত সেই আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগরীর রাজপাড়া থানার উপপরিদর্শক কাজল কুমার নন্দি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাইবার ইউনিটের সহায়তায় ঢাকার মোহাম্মদপুরের পিসি কালচার হাউজিং সোসাইটিতে আসামীদের অবস্থান নিশ্চিত হয় পুলিশ।

এরপর রাত ২টার দিকে সেখানে অভিযান চালিয়ে মো. জীবন ও আবদুস সবুরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আজ দুপুরের দিকে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পাঠানো হয়।

এসময় আইনজীবী আসাদুল ইসলাম তাদের পক্ষে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মোহাম্মদ ফয়সাল তারেক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তরে পেশাগত দায়িত্ব পালনে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবীব ও ভিডিও জার্নালিস্ট রুবেল ইসলাম। এ ঘটনায় ওইদিন রাতেই নগরীর রাজপাড়া থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন বুলবুল হাবিব। মামলায় বিএমডিএ নির্বাহী পরিচালক আব্দুর রশিদসহ সাতজনকে আসামি করা হয়।

গত ১৪ সেপ্টেম্বর মামলার আসামিরা হাইকোর্টে জামিন চেয়েছিলেন। কিন্তু তাদের সেই আবেদন ফিরিয়ে দেন আদালত।