বর্তমান সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব চত্বরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা জানান।

তারেক রহমান বলেন, বিএনপি মনে করে সংস্কারের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা দরকার। কোনো সরকারই জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না।

ছয়জন সাংবাদিক শহীদ হয়েছেন জানিয়ে তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে কমপক্ষে ছয়জন সাংবাদিক শহীদ হয়েছেন। পলাতক স্বৈরাচারের নির্দেশে কমপক্ষে দুই হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। আমাদের সংগঠনের প্রায় ৪০০ নেতাকর্মী এ লড়াইয়ে নিহত হয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অন্যের শত্রু। আমাদের চলমান গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে এ মুহূর্তে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। বিতাড়িত অপশক্তি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না।