রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নূর ইসলাম (৪০) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। ছুটি শেষে রাতে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। গতকাল শুক্রবার গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে দিবাগত রাত সোয়া ১টার দিকে তিনি মারা যান।
নিহত এসআই নূর ইসলাম যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন।
হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মুকুল হোসেল জানান, গোদাগাড়ী-আমনূরা সড়কের বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন নূর ইসলাম। রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগ থেকে দ্রুত তাকে ৮ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান নূর ইসলাম।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত নূর ইসলামের মোটরসাইকেল, হেলমেট এবং মোবাইল ফোন উদ্ধার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। এনিয়ে রাতেই নগরীর রাজপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
তার দুর্ঘটনায় প্রাণ হারানোর সত্যতা নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম। পরিবারের বরাতে তিনি বলেন, ছুটি শেষে রাতে মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন এসআই নূর ইসলাম। পথে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান। আহত অবস্থায় দুর্ঘটনার খবর মোবাইল স্বজনদের দেন নূর ইসলাম নিজেই।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নিহত এসআই নুর ইসলাম ছুটিতে ছিলেন। গভীর রাতে তিনি নির্জন সড়কটি দিয়ে কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি। মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হতে পারে।










