৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা ২০২৫-এর ঢাকা বিভাগীয় পর্বে মেয়েদের কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জের রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ।

বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় দলীয় সমন্বয়, নৈপুণ্য ও দৃঢ় মানসিক শক্তির প্রদর্শন করে প্রতিষ্ঠানটির মেয়েরা। ফাইনাল খেলায় তারা প্রতিপক্ষ ঢাকা জেলাকে ৩৩-২১ পয়েন্টে পরাজিত করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এর আগে প্রথম রাউন্ডে শরিয়তপুর জেলাকে ২৬-১৯ পয়েন্টে ও দ্বিতীয় রাউন্ডে নারায়নগঞ্জ জেলাকে ১৫-১২ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে ওঠে। সেমি-ফাইনালে ঢাকা মহানগরকে ২৮-১৬ পয়েন্টে হারিয়ে ফাইনালে ঢাকা জেলার মুখোমুখি হয়।

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানিয়া খান বলেন, আমাদের মেয়েরা কেবল পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ নয়। তারা মাঠেও নিজেদের মেধা ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিচ্ছে। এ অর্জন আমাদের প্রতিষ্ঠান কতৃপক্ষের সজাগ দৃষ্টি, অভিভাবকদের সার্বিক সহযোগিতা এবং আমাদের শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষ সাধনের বাইরে সহশিক্ষা কার্যক্রমের ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন।

উল্লেখ্য, রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতি বছর জাতীয় ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। গত বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে গোপালগঞ্জের মধ‍্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে এবং এ বছর এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের গৌরব অর্জন করে সাড়া ফেলে দেয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে—যা প্রতিষ্ঠানটিকে আজ দেশের অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।