নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমান প্রচার-প্রচারণা নিয়ে বলেছেন, ‘বিয়েতেও এত আনন্দ করিনি, নির্বাচনে যত আনন্দ করছি।’ এ সময় সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাকে গোপালগঞ্জের চেয়ে শক্তিশালী দাবি করে তিনি বলেন, ‘আমি হলাম সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বাসিন্দা। আমি মনে করি, এ দুটি এলাকা গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী।’
গতকাল বিকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ড এলাকায় নির্বাচনী জনসংযোগে গিয়ে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ অফিস তালাবদ্ধ প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিস তালাবদ্ধ কিনা জানা নেই আমার। আমি নির্বাচন করছি, মানুষের ঘরে ঘরে যাচ্ছি, আওয়ামী লীগ অফিসে যাওয়ার সময় আমার নেই। আমি আনন্দঘন পরিবেশে নির্বাচনী প্রচারণা করছি, আপনারা দেখছেনই। আর রূপগঞ্জে সংঘর্ষ হয়েছে। নির্বাচনে এটা হতেই পারে। তবে এটা হওয়া উচিত না। পুলিশ সুপার, নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তার এ বিষয়ে নজর রাখা উচিত।’
নির্বাচনে ভোটার উপস্থিতির বিষয়ে শামীম ওসমান বলেন, ‘আমার নির্বাচনী প্রচারণায় যে পরিমাণ মানুষ হয় তার মধ্যে প্রতি পরিবার থেকে অন্তত দুজন করেও কেন্দ্রে গেলে আমার নারায়ণগঞ্জ-৪ আসনে ৫৫ শতাংশ ভোটার উপস্থিত হবেন। আর যদি পাশের বাড়ির লোকজন নিয়ে আসে তাহলে ভোটার ৬৫ শতাংশ হবে।’










