জেলার শিবালয় উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত নিহত ও অন্য একজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার বকচর গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে ডাকাতের হামলায় বাড়ির গৃহকর্তাসহ তিনজন আহত হয়েছেন। তাদের মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ডাকাত সদস্যের নাম আতোয়ার রহমান (৩৫)। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিনোদপুর গ্রামের সুলতান হোসেনের ছেলে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে একদল ডাকাত সদস্য বকচর গ্রামের অটল চক্রবর্তীর বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতরা অটল চক্রবর্তী, তার স্ত্রী শিপ্রা চক্রবর্তী ও মা গীতা চক্রবর্তীকে হাত-পা বেঁধে মারধর করে। এরপর ঘরের স্বর্ণালংকার ও মালপত্র লুট করার সময় পরিবারের লোকজন চিত্কার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে দুই ডাকাত সদস্যকে আটক করে। বাকি ডাকাতরা পালিয়ে যায়।

স্থানীয় মহাদেবপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াকুব আলী মোল্লা বলেন, ঘটনার পর গ্রামবাসী দুই ডাকাত সদস্যকে আটক করে পিটুনি দেয়। এতে আতোয়ার রহমান ঘটনাস্থলেই মারা যান।