বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তার ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আবুধাবিতে স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নুয়াইমির সঙ্গে সাক্ষাৎকালে আইনমন্ত্রী এ গুরুত্বারোপ করেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে।

সাক্ষাৎকালে আইনমন্ত্রী কংগ্রেস আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশী প্রবাসীকে আতিথেয়তা এবং দেশটির অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অবদানের সুযোগ করে দেয়ার জন্য সংযুক্ত দেশটির প্রতি ধন্যবাদ জানান।

সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী দেশটির উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় দুদেশের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তার ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এছাড়া, আইনমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে সফররত বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতি আতিথেয়তা ও চমৎকার ব্যবস্থাপনার জন্য দেশটির বিচারমন্ত্রীকে ধন্যবাদ জানান।