রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চৌকি বসানো হয়েছিল। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হয়েছে। এদিকে বন্দরের বিভিন্ন স্থান থেকে ৪টি বাস আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মহাসড়কের সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে ও বন্দরের বিভিন্ন এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। সোমবার বিকালে ৪টি বাস আটকের কথা স্বীকার করেছেন বন্দর থানার ওসি তরিকুল ইসলাম। পুলিশ জানায়, সোমবার সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ, সিদ্ধিরগঞ্জ থানা ও কাঁচপুর হাইওয়ে পুলিশের প্রায় ৫০ জন সদস্য সাইনবোর্ড অংশে অবস্থান নেয়। ঢাকাগামী প্রায় সব পরিবহনকেই পুলিশ সদস্যরা থামিয়ে যাত্রীদের তল্লাশি করে।

চেকপোস্ট বসানোর কারণ জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, আমাদের কাছে তথ্য আছে একটি গ্রুপ বিভিন্ন গ্রাম-অঞ্চল থেকে মানুষদের এনে ঢাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হবে। সেজন্য আমরা সতর্ক অবস্থানে ছিলাম। চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হয়েছে। এ সময় কাউকে আটক করা হয়নি।