বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় একটি ওষুধ কোম্পানির গাড়ি চালক মো. মঞ্জুরুল হক মিলন (৩৮) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে পৌরশহরের ঢাকা-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকাস্থ নতুন বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মিলন উপজেলার কুসুম্বী ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের আব্দুর রহিম বক্সের ছেলে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, মঞ্জুরুল হক বগুড়ায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার রাতে কর্মস্থল থেকে বাড়ি যাচ্ছিলেন তিনি। ঘটনাস্থলে মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে পার হচ্ছিলেন তিনি। এসময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত চলে যাওয়ায় চালক ও তার সহকারী কাউকেই আটক করা যায়নি। তবে বাসটি চিহ্নিত করে তাদের ধরার চেষ্টা অব্যাহত আছে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।










