বগুড়ার গাবতলী উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলীমের বিরুদ্ধে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। গতকাল বেলা সাড়ে ১১টায় বগুড়া জেলা দুদকের উপপরিচালক মো. মনিরুজ্জামান বাদী হয়ে তার কার্যালয়ে এ মামলা করেন। মামলায় ভুয়া প্রকল্প কমিটি ও কাজ না করে সরকারি বরাদ্দের প্রায় ২ কোটি ৩০ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। 

অভিযুক্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলীম ২০১৭-১৮ অর্থবছরে গাবতলী উপজেলায় দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা পিআইও পদে রয়েছেন।

দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুজ্জামান জানান, জেলার গাবতলী উপজেলার সাবেক পিআইও আব্দুল আলীমের বিরুদ্ধে ২ কোটি ৩০ লাখ ৬৯ হাজার ৭৯৩ টাকার সরকারি অর্থ আত্মসাতের তথ্যপ্রমাণ পাওয়া যাওয়ায় মামলা হয়েছে।

দুদক জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০১৭-১৮ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টিআর কর্মসূচির আওতায় ২৮০টি প্রকল্পের বরাদ্দ আসে। এর মধ্যে ২৭৮টি প্রকল্পের কাজ করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে গাবতলী পিআইও দপ্তরে আরো ২০০টি প্রকল্পর বরাদ্দ দেয়া হয়েছে। এ বরাদ্দের মধ্যে ১৯৬টি প্রকল্পের কাজ দেখানো হয়। এসব প্রকল্পের প্রতিটির জন্য ৭৮ হাজার ২০২ টাকা বরাদ্দ ছিল। ২০২০ সালে ওই অর্থবছরের কাজ হওয়া প্রকল্পগুলো নিয়ে পিআইওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। দুদক খোঁজ নিয়ে জানতে পারে এসব প্রকল্পে কাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রে ভুয়া প্রকল্প সভাপতির নাম-ঠিকানা ব্যবহার করা হয়েছে।