বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সীমান্তবর্তী এলাকার ১৫ জন বেকার যুবককে তাদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ প্রদান, সনদপত্র বিতরণ ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস সরবরাহ করা হয়েছে।
আজ মঙ্গলবার ৪ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। এর আগে গত ২৬ জুলাই ২০২৬ তারিখে বিজিবির জলপাইতলী বিওপির দায়িত্বপূর্ণ এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সীমান্তবর্তী এলাকার ১৫ জন বেকার যুবককে নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
সমাপনী অনুষ্ঠানে বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস বিতরণ করেন।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক, বর্তমান বিজিবি মহাপরিচালকের এ ঘোষণা বাস্তবায়নে বিজিবি বদ্ধপরিকর। তাই বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে অত্যন্ত পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
একইসঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি মানবিক ভূমিকা পালন করে আসছে বলেও জানান তিনি।
কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান উল্লেখ করেন, সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিজিবি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পাশাপাশি সীমান্তবর্তী বেকার যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ-উজ-জামান, দিনাজপুর জেলার পুলিশ সুপার জেদান আল মুসা, ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মিজানুর রহমান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










