আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন গত নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা সুযোগ না পায় সে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এজন্য নির্বাচন কমিশনকে (ইসি) লিগ্যাল নোটিশও দিয়েছে সংগঠনটি।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতে এমন দাবি জানিয়েছে জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠনটি।

সংগঠনের সভাপতি রিফাত রশীদ বলেন, ২০২৪ সালের ডামি নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন তারা যেন এবারের নির্বাচনে প্রার্থী হতে না পারেন সেজন্য আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। জুলাই আন্দোলনে অংশগ্রহনকারীদের জীবন এখন সংকটে রয়েছে। পলাতকরা বিদেশের মাটিতে বসে নীলনকশা করছে।

তিনি বলেন, পলাতক ফ্যাসিস্টের ষড়যন্ত্রের জবাবে হার্ডলাইনে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হামলা ও রক্তের পাল্টা জবাব দেয়া হবে। আওয়ামী লীগের ভোট নেই বলেই তারা ভোট চুরি করেছে।

সংগঠনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইমরান বলেন, ২০২৪ সালের নির্বাচনে অনেকে কিন্তু আওয়ামী লীগের বাইরে থেকেও এমপি হয়েছেন। তারা জুলাই আন্দোলনে গণহত্যাকে সাপোর্ট করেছেন। কাজেই ওই ডামি নির্বাচনে যারাই প্রার্থী হয়েছিলেন তাদের যেন আগামী নির্বাচনে সুযোগ দেয়া না হয়। কোনোভাবেই যেন তারা অংশ নিতে না পারে সেজন্য আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি।