আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নাটোর জেলার নেতাদের বলেছেন, কমিটি গঠনের সময় যেন দলের দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়ন করেন তারা।
গতকাল দুপুরে নাটোর এনএস কলেজ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, দলের দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়ন করুন। কোনো হাইব্রিডদের দলে জায়গা দেবেন না। দলের অভ্যন্তরে কোনো কোন্দল থাকলে তা নিরসন করে নিন।
শুধু আগুন সন্ত্রাসীদের নয়, যারা অর্থ জোগান দিচ্ছে, সেই সন্ত্রাসীদেরও খুঁজে বের করা হচ্ছে বলে জানালেন ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে তা কঠোর হস্তে দমন করা হবে। আগুন সন্ত্রাসের কারণে দেশের জনগণ বিএনপি থেকে আজ মুখ ফিরিয়ে নিয়েছে।
নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপির পরিচালনায় প্রতিনিধি সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আওয়ামী লীগের নেতারা। প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।










