আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা পাঠাতে দেশের সব জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (১৭ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপসচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করে ইসি। পরবর্তীতে দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২০ অক্টোবর প্রাথমিকভাবে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়।

এ তালিকায় উল্লিখিত নীতিমালা অনুসারে কোনো পরিবর্তন, প্রতিস্থাপন বা সংশোধনের প্রয়োজন হলে তা আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে কমিশন।

অফিস আদেশটি ‘নির্বাচন অগ্রাধিকার/ অতীব জরুরি’ ক্যাটাগরিতে দেশের সব সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে ইসি। সেখানে আরো বলা হয় যে, দেশের ৬৪টি জেলার ৩০০ আসনে এ ভোটকেন্দ্রগুলোতে পুরুষদের জন্য ভোটকক্ষ থাকবে ১ লাখ ১৫ হাজার ১৩৭টি। নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি। সব মিলিয়ে মোট কক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯। গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকক্ষ।