পেঁয়াজ আমদানিতে যুক্তিসঙ্গত হারে শুল্ক আরোপ করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। নীতি-৪ শাখা থেকে গত ৭ জানুয়ারি এনবিআর চেয়ারম্যানকে এ চিঠি দেয়া হয়।
চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে বর্তমানে কৃষক পর্যায়ে ১ হাজার ৩০০ টাকা থেকে ১ হাজার ৬০০ টাকা মণ দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। যার ফলে কৃষকরা পেঁয়াজ বিক্রি করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে ভারত প্রতি টন পেঁয়াজের রফতানি মূল্য ৪০৫ মার্কিন ডলার থেকে কমিয়ে ৩০৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এর ফলে শূন্য শুল্কে পেঁয়াজ আমদানি করা হলে দেশীয় পেঁয়াজের উৎপাদনকারী কৃষকরা আরো ক্ষতির সম্মুখীন হতে পারে এবং দেশে পেঁয়াজ চাষীদের ন্যায্যমূল্য প্রাপ্তিতে আশঙ্কার সৃষ্টি হয়েছে।
উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে আরো বলা হয়, আসন্ন রমজান ও বাজার পরিস্থিতি বিবেচনায় কৃষক পর্যায়ে ন্যায্যমূল্য প্রাপ্তির লক্ষ্যে আপাতত জানুয়ারি পর্যন্ত আমদানিকৃত পেঁয়াজের ওপর যুক্তিসঙ্গত হারে শুল্ক আরোপ করে পেঁয়াজের দর নিয়ন্ত্রণ করা প্রয়োজন।










