গৃহকর্মী নির্যাতন মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমদ জানান, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মোট চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। অপর দুই আসামি হলেন, সাফিকুর রহমানের বাসার অপর দুই গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর এমডি হিসেবে নিয়োগ পান সাফিকুর রহমান। ১৯৮৬ সালে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্সিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ, পরিচালক প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট এবং পরিচালক বিপণন ও বিক্রয় হিসেবে দায়িত্ব পালন করেছেন।