ব্যাংকিং সুবিধা চালু ও কারখানা খুলে দেয়াসহ তিন দাবিতে সংবাদ সম্মেলন করেছে বেক্সিমকোর শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেক্সিমকোর তৈরি পোশাক ও টেক্সটাইল বিভাগের প্রধান কর্মকর্তা সৈয়দ মো. ইনাম উল্লাহ।
এ সময় শ্রমিকদেরে পক্ষ থেকে তিনটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো— অবিলম্বে লে-অফ প্রত্যাহার করে বেক্সিমকোর গার্মেন্টস ডিভিশনের সব কারখানা খুলে দিতে হবে, রফতানি বাণিজ্য সচল রাখতে ও বিদেশী ক্রেতাদের কার্যাদেশ পেতে ব্যাংকিং সুবিধা ও ব্যাক-টু-ব্যাক এলসি খোলার অনুমতি দিতে হবে এবং কারখানা ও ব্যবসা সচল রেখে শ্রমিকদের বকেয়া বেতনসহ কোম্পানির সব দেনা দ্রুত পরিশোধ করতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বেক্সিমকো শিল্প পার্কের সব কোম্পানি বিক্রি করলে সাড়ে ১৫ হাজার কোটি টাকা পাওয়া যাবে । কিন্তু লে অফের মাধ্যমে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে প্রয়োজন ২২ হাজার কোটি টাকা। এসব তথ্য প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নিরীক্ষার মাধ্যমে পাওয়া গেছে বলে উল্লেখ করেন প্রশাসনের প্রধান কর্মকর্তা মো. কাইউম।










