সরকারের উন্নয়ন প্রকল্প
বাস্তবায়নে যথাসম্ভব বৃক্ষ নিধন পরিহারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু
পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের
জায়গা থাকলে অধিক পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের
২০২৪-২৫ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পগুলোর জুন পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির
বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়নকারী পরিচালক এবং কর্মকর্তাদের দক্ষতা ও কর্মসম্পাদনে সফলতার বিবেচনায় যোগ্যদের স্বীকৃতি প্রদান করা হবে বলে তিনি জানান।
পরিবেশমন্ত্রী বলেন, দেশের পরিবেশের মানোন্নয়নে
মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলো যথাসময়ে ও
সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে। অর্থবছরের শুরুতেই কর্মপরিকল্পনা করে সে মোতাবেক কাজ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে সফলতার
হার ক্রমান্বয়ে বৃদ্ধি করতে হবে।
সভায় তিনি প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট
সবাইকে আরো দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা
পালনের আহ্বান জানান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব
ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত
সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের
মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের
প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয়ের
উচ্চপদস্থ কর্মকর্তা, প্রকল্প পরিচালক ও অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।










