যশোরের অভিশাপ ভবদহ এলাকায় রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য জেলার অভয়নগরের প্রেমবাগ এলাকায় ৫০৩ একর ভূমি অধিগ্রহণ করার জন্য ১৯ অক্টোবর জেলা প্রশাসককে চিঠি দেয়া হয়েছে। এ ইপিজেড নির্মাণ হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেড় লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অন্তত পাঁচ লাখ মানুষের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন আসবে। ইপিজেডের প্রকল্প পরিচালক আশরাফুল কবির স্বাক্ষরিত যশোর জেলা প্রশাসক বরাবর দেয়া চিঠিতে বলা হয়েছে, যশোর জেলায় শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া এলাকায় চাষাবাদ অনুপযোগী জলাবদ্ধ খালে ইপিজেড স্থাপন করা হবে। এজন্য অভয়নগরের প্রেমবাগ, মাগুরা, রাজাপুর, চেঙ্গুটিয়া, আরাজি বাহিরঘাট, বালিয়াডাঙ্গা, মহাকাল ও আমডাঙ্গা মৌজার ৫০৩ একর ভূমি অধিগ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ভবদহ এলাকায় ইপিজেড স্থাপনের জন্য প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। ভূমি অধিগ্রহণে তার দপ্তরে চিঠি এসেছে। শিগগিরই কার্যক্রম শুরু করা হবে।










