সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন। আজ ৭ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন তিনি।

সেখানে বলা হয়, ‘সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রার্থিতার আলোচনা শুরু হলে ফ্যাসিস্ট এনাবলার সাকিব আল হাসানের ভক্ত পরিচয়ে একদল লোক বেনামে দুদকে কাল্পনিক দুর্নীতির অভিযোগ জানায়। এর পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। উক্ত সংবাদ সম্মেলনে সম্মানিত সাংবাদিকবৃন্দের উপস্থিতি একান্তভাবে কাম্য।’

এর আগে গত সোমবার সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিএফআইইউর পক্ষ থেকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সব তথ্য নথিভুক্ত করে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হলে আসিফ মাহমুদ প্রথমে শ্রম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছর ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ। পরে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।