শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ও তাদের কর্মজীবনে প্রবেশের পথ সুগম করতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা শুরু হবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবরের মধ্যে আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার প্রস্তুতিও নেয়া হচ্ছে।
গতকাল দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, আবাসিক হলের প্রভোস্ট, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ে এক জরুরি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয় হয়।
এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
সভায় পরীক্ষামূলকভাবে প্রথমে স্নাতকোত্তর পর্যায়ে ১২-৩০ সেপ্টেম্বর পর্যন্ত সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
যেসব শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করতে ইচ্ছুক, তাদের নিজ নিজ বিভাগীয় চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে।
হলে অবস্থানের জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে হবে।
বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।
কোনো শিক্ষার্থীর নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এলে তাকে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরবর্তী সময়ে তিনি সুস্থ হলে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক তার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হবে।
সভায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সব চিকিৎসক, নার্স ও মেডিকেল স্টাফদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত হয়।
পরীক্ষা চলাকালীন হলে অবস্থানরত শিক্ষার্থীদের একদিন পরপর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
সভায় পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী পরীক্ষার্থীদের পরিবহনে আনা-নেয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১৫ অক্টোবরের আগে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিজ দায়িত্বে করোনা প্রতিরোধক ভ্যাকসিন গ্রহণের নির্দেশ দেয়া হয়।










