ভোলার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন ‘আমি আগেও বলেছি, এখনো বলি—আমি আপনাদের সন্তান হিসেবে বেড়ে উঠেছি। আপনারাই বলেন, আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জু ভোলার উন্নয়নের রূপকার। আমি তারই সন্তান। আমি ভোলার উন্নয়নে সবাইকে নিয়েই কাজ করব। আমার কাছে কোনো দলমত নেই। ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, রাস্তাঘাটের উন্নয়ন সবকিছুই হবে। তবে সেটা একটা নিয়মতান্ত্রিক অবস্থার মধ্য দিয়ে হবে।’
গতকাল ভোলা প্রেস ক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আল্লাহ যাদের পছন্দ করেন না তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করেও রক্ষা পাবেন না। যেমন ফ্যাসিস্ট রক্ষা পায়নি। অনেক সাংবাদিকের ওপর অত্যাচার-নির্যাতন হয়েছে এবং মামলা দেয়া হয়েছে। অনেক মিডিয়া কেড়ে নেয়া হয়েছে। তিনি তার পরেও কি রক্ষা পেয়েছেন?’
সাংবাদিকদের তিনি বলেন, ‘সাংবাদিকরা সরকারের সব উন্নয়নমূলক কাজের পাশে থেকে সঠিক চিত্র তুলে ধরবেন—এটাই জাতির প্রত্যাশা। তবে কেবল নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগত মান পরিবর্তন করা যাবে না; নৈতিকতার জায়গা থেকে তাদের বস্তুনিষ্ঠভাবে তৈরি হতে হবে। আমি সাংবাদিক ও সংবাদপত্রের বিষয়ে সবসময় উন্মুক্ত। কাউকে জোরপূর্বক ভালো বানানো যায় না। যে ভালো হয় তার নিজের থেকেই ভালো হবে। এক্ষেত্রে সাংবাদিকরা সরকারের সব উন্নয়নে পাশে থাকবেন, এটাই প্রত্যাশা করি।’










