সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে তারা এই কর্মসূচি পালন করছে। আজ শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টায় পর থেকে বিভিন্ন স্থানে এই কর্মসূচি শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন সাদা দলের শিক্ষকরা।

সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। আজ দুপুর ১২টার দিকে তাঁরা বিক্ষোভ শুরু করে। সায়েন্স ল্যাব মোড়ে সকাল থেকে অনেক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে।

রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে শতাধিক আন্দোলনকারী বিক্ষোভ করছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার একপাশ বন্ধ করে বিক্ষোভ করছেন।

মিরপুর-১০ গোলচত্বরে পুলিশ বক্সের সামনে জড়ো হচ্ছে প্রচুর শিক্ষার্থী। পুলিশ কিছুটা সরে গিয়ে অবস্থান নিয়েছে।

রাজধানীর শান্তিনগর মোড়ে অবস্থান নিয়েছে বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।

সংঘর্ষের খবর পাওয়া গেছে যাত্রাবাড়ী ও শনিরআখড়ায়।