রাজশাহীতে ভবন নির্মাণের সময় দেয়ালচাপায় রিয়াজুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা সোয়া ২টার দিকে নগরীর ছোট বনগ্রাম বারো রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজুল ইসলাম জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী বলিয়াডাইং এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় আরো সাত শ্রমিক আহত হয়েছেন। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন নির্মাণ শ্রমিক রাজিব ইসলাম। তিনি জানান, সাইটে দুটি গর্ত খননের কাজ চলিছল। ১৭ জন শ্রমিক দুই ভাগে বিভক্ত হয়ে কাজ করছিলেন। একটি দল দেয়ালের পাশে গর্ত খনন করছিলেন। ওই দলে তিনিসহ ছিলেন ছয়জন।

রাজিব জানান, দুপুরের খাবার খেয়ে ২টা নাগাদ আবারো তারা কাজে লেগে যান। সোয়া ২টার দিকে বিকট শক্তে পাশের দেয়াল ধসে পড়ে। দেয়ালের ওপাশে খোয়ার স্তূপ ছিল। সেগুলো গর্তে পড়ে যায়।

দুর্ঘটনার সময় গর্ত থেকে লাফ দিয়ে উঠে কোনো রকমে প্রাণ বাঁচিয়েছেন তিনি। পরে নিজ হাতে দুই সহকর্মীর অচেতন দেহ উদ্ধার করেছেন। এছাড়া আহতাবস্থায় আরো কয়েকজনকে উদ্ধার করেছেন।

আটজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার কথা নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক জাহেদুল ইসলাম। তিনি বলেন, আহত আট শ্রমিককে হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে একজন হাসপাতালে নেয়ার আগেই মারা যান।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া রাজশাহী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, নগরীর বারো রাস্তার মোড়সংলগ্ন এন্তাজ আলীর প্লটে ভবনের ভিত্তি নির্মাণের গর্ত খনন করছিলেন ১৭ নির্মাণ শ্রমিক। সেখানে প্রায় ২৫ ফুট দীর্ঘ দেয়াল ছিল। মাটি খননের একপর্যায়ে দেয়ালটি ধসে পড়ে। গর্তের মধ্যে ছয়জন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। তাত্ক্ষণিক স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা চারজনকে উদ্ধার করেন। হাসপাতালে নেয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।