সংস্কারকৃত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ ভবন উদ্বোধন করেন।

উদ্বোধনকালে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকৃত মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধনের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হলো।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই ভূ-খণ্ডের বিচার বিভাগীয় ইতিহাসে ঐতিহাসিক এ স্থাপনাটি ‘ঢাকা হাইকোর্ট‍‍’ বা ‘পুরাতন হাইকোর্ট ভবন‍’ হিসেবে যে মহান ঐতিহ্য ধারণ করে আছে, ২০২৪ এর জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমে স্বচ্ছতা আনা, যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচারের শ্বাশ্বত নীতিগুলো অনুসরণের মাধ্যমে তা নতুন মাত্রায় পূর্ণতা পাবে।

ট্রাইব্যুনালের প্রতি প্রত্যাশা সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, একজন সাধারণ নাগরিক তার হৃদয় উৎসারিত অকৃত্রিম চেতনাবোধ থেকে সমগ্র জাতির নৈতিক সমর্থনপুষ্ট একটি গণজোয়ার রুখতে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি যে প্রত্যাশা রাখেন-তিনিও ঠিক অনুরূপ প্রত্যাশা রাখেন।