ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী মো. হাসান জাফির তুহিনের করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ মার্চ) এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুজিবুর রহমান, নাজমুল ইসলাম ও মাসুদ হাসান। পাবনা-৩ আসনে নির্বাচনে জয়ী হন জামায়াতের প্রার্থী মুহাম্মদ আলী আছগার।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে নির্বাচনী আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনিী ট্রাইব্যুনালে গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এ বেঞ্চে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের সঙ্গে দেখা যায়, ‘২০০১ ইং সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক নির্বাচনী আবেদনপত্র; যেসব বিষয় এ বেঞ্চে স্থানান্তরিত হবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন।