সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরো সাত নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়। ৭ জুলাই ১২টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিটের মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এসব বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭৬ জন মারা গেছেন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৩৯৬ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কিটে নমুনা পরীক্ষা করা হয় ৩৮২টি। শনাক্তের হার ২২ দশমিক ৫১ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৩৪ শতাংশ। 

ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে জেলায় ১০ জন মারা গেছে। এ পর্যস্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৪০ জন। 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ্য হয়েছেন ৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ২ হাজার ৯০৩ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১ হাজার ৬১ জন। উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৮৫ জন।