বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দ্বিতীয় দফায় আরেকটি মামলায় পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ তিন নেতাসহ মোট আটজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের নেতৃত্বাধীন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

রিমান্ডে নেয়া অন্যরা হলেন যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা এমএ সালাম, সায়েদুল হক বাবুল ও মাহমুদুস সালেহীন।

আদালতসংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে হামলা, ভাংচুরের অভিযোগে রাজধানীর কাফরুল থানার মামলায় এ আটজনকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মুন্সী আসামিদের গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরাও রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাদের প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রামপুরা থানার মামলায় রুহুল কবির রিজভী, সুলতান সালাউদ্দিন, আমিনুল ইসলাম ও জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আর নুরুল হক নূরকে বনানী থানার মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।