কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও বাঁকখালী নদীর ওপর নির্মাণাধীন সংযোগ সেতুর নির্মাণকাজ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, এমপি।

গতকাল কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নকাজ এবং খুরুশকুলে শেখ হাসিনা টাওয়ার নির্মাণসহ পর্যটন সুবিধা প্রবর্তন প্রকল্প পরিদর্শনকালে কাজের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুকেশ কুমার সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য এয়ার কমোডর মো. খালিদ হোসেন, প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।