সুনামগঞ্জের দোয়ারাবাজারে করোনা আক্রান্ত হয়ে আরশ আলী (৫৪) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাত দেড়টায় সিলেটের শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালে তার মৃত্যু হয়। আরশ আলী উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেঙ্গের গ্রামের মৃত কুরবান আলীর ছেলে এবং ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. সামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, সর্দি, কাশি ও জ্বর নিয়ে গত ২৫ জুন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষার জন্য দেন। গত ২৬ জুন তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। তার শারীরিক অবস্থা ভালো না থাকায় ২৬ জুন তাকে সিলেট শামছুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে গতকাল (৩০ জুন) রাতে তার মৃত্যু হয়।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন বলেন, মঙ্গলবার রাতে আরশ আলীল মৃত্যু হয়। তার লাশ স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ৩০ জুন পর্যন্ত জেলা করোনা আক্রান্ত হয়েছেন ৯৯০ জন, সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪১১ জন, মৃত্যু হয়েছে ৭ জন।









