টি-টোয়েন্টি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ শুরু আজ। বার্বাডোজের কেনসিংটন ওভালে ‘বি’ গ্রুপের ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে জস বাটলারের দল। চলতি বিশ্বকাপে এটি দুই দলের প্রথম ম্যাচ, টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের প্রথম সাক্ষাৎও। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে অল-ইউরোপিয়ান এ লড়াই। 

গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসরের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতে নেয় ইংল্যান্ড। এর আগে ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ আসরে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। সেটাই ছিল যেকোনো ফরম্যাটের ক্রিকেটে তাদের প্রথম বিশ্ব শিরোপা। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়েছে এউইন মরগারের দল ২০১৯ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয় করে। তিন বছর পর তাদের হাতে ধরা দেয় আরেকটি বিশ্বকাপ শিরোপা। 

আরেকটি বিশ্ব মুকুটের আশায় ওয়েস্ট ইন্ডিজে খেলতে নামছেন বাটলার, বেয়ারস্টো, মঈন আলীরা। ওয়েস্ট ইন্ডিজই ইংলিশদের আশার পালে হাওয়া দিচ্ছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই যে তারা নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা জিতেছিল। 

চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে ইংল্যান্ড। ৮ জুন অজিদের মুখোমুখি হবে ইংলিশরা। তার আগে ‘মহড়া’ হিসেবে আজ প্রতিবেশী স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন বাটলাররা। যদিও স্কটিশদের খুব হালকাভাবে নেয়ার সুযোগ নেই।