বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভাজনের পরিবর্তে ঐক্যের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আমরা আহ্বান জানাই, দেশের সমস্ত গণতন্ত্রপ্রেমী ও স্বাধীনতাকামী মানুষকে ঐক্যবদ্ধ থাকার। বিভাজিত হওয়া যাবে না। রাজনৈতিক নেতা-কর্মীদের বলছি, আপনারা বিভাজন সৃষ্টি করবেন না।
তিনি বলেন, কিছু মানুষ যেন ডেসপারেট হয়ে গেছে। তারা দেশকে ভাগ করে দিতে চায়, জনগণকে বিভক্ত করতে চায়। এজন্য নানা রকম উসকানিমূলক কথা বলছে। এসবের মধ্যে যাওয়া যাবে না।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় খালেদা জিয়ার আদালতে দেয়া জবানবন্দির ওপর ভিত্তি করে রচিত একটি বই প্রকাশ করা হয়। বইটির শিরোনাম ‘রাজবন্দির জবানবন্দি’। এটি তিনশো পৃষ্ঠার গ্রন্থ, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
বইটি প্রকাশ করেছে দ্য প্যাট্রিয়ট। গ্রন্থটি রচনায় খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান, সাংবাদিক শফিক রেহমান ও সাবেক প্রেস সচিব মারুফ কামাল খানের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন মির্জা ফখরুল।










