সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ এনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। গতকাল সন্ধ্যায় ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এ আহ্বান জানান।
আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘আমরা আন্তর্জাতিক মহলকে বলতে চাই, আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো নেই। অনেকেই জীবন দিয়েছেন, অনেকেই বাবা-মা থেকে অনেক দূরে, অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। আন্তর্জাতিকভাবে এসব ঘটনা বন্ধে যেন চাপ সৃষ্টি করা হয়। সাধারণ শিক্ষার্থীদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের যেন গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হয়। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে এ গণহত্যার বিরুদ্ধে যেন মামলা করা হয়, সে ব্যবস্থা করুন।’
এ সমন্বয়ক আরো বলেন, ‘বিশ্ববাসীর প্রতি আহ্বান, শিক্ষার্থী হত্যাকারী পুলিশ বাহিনী ও র্যাব বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়া হয়। আমরা প্রবাসীদের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তারা নিজেদের জায়গা থেকে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তোলেন।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার ও রাশিদুল ইসলাম রিফাত বক্তব্য রাখেন। তারা বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। না হয় কঠিন কর্মসূচি দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচির বিষয়ে বলা হয়, আজ সারা দেশের দেয়াল দেয়ালে গ্রাফিতি ও দেয়াললিখন কর্মসূচি পালন করা হবে। আগামীকাল থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা-উপজেলা ও নগরকেন্দ্রিক হেলথ ফোর্স"গঠনের মাধ্যমে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং তাদের পরিবারকে মানসিক ও আর্থিক সহযোগিতা দেয়ার কার্যক্রম পরিচালনা করা হবে।










