বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের কিডনি ইউনিটে চিকিৎসাধীন এক রোগীর করোনা শনাক্ত হওয়ায় বুধবার থেকে দুই দিনের জন্য ডায়ালাইসিস বন্ধ রয়েছে। চিকিৎসাধীন আর কোনো রোগী যাতে সংক্রমিত না হন এজন্য ডায়ালাইসিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।
তিনি জানান, একজন রোগী করোনা পজিটিভ হওয়ায় সংক্রমণ এড়াতে আমরা দুদিন কিডনি ডায়ালাইসিস ইউনিটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। রোগীদের চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুদিন ডায়ালাইসিস বন্ধ রাখলে রোগীদের কোনো সমস্যা হবে না।
হাসপাতাল সূত্র জানায়, সোমবার শেবাচিম হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটে একজন রোগী ডায়ালাইসিসের জন্য আসেন। ওই রোগীর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে বুধবার। এরপর
থেকে
ইউনিটটি বন্ধ করে দেয়া হয়েছে। শেবাচিম হাসপাতালে ডায়ালাইসিসের একটি ইউনিট আছে। সেখানে ১০টি মেশিনে প্রতিদিন ৫০ রোগীকে ডায়ালাইসিস করা সম্ভব।










