কর্মস্থল থেকে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন পায়রা বন্দরের নির্বাহী প্রকৌশলী মোস্তফা আশিক আলী (৩৩)। গত শনিবার রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ইটবাড়িয়া খেয়াঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন শাকিল আহমেদ মধু (২৫) ও জুলিয়াত তালুকদার (২৪)।

স্থানীয় সূত্র জানায়, বালিয়াতলী খেয়াঘাট পার হওয়ার সময় মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে মোস্তফা আশিক আলীর সঙ্গে স্থানীয় এক তরুণের কথাকাটাকাটি হয়। এর জের ধরেই আরো কয়েক তরুণ মিলে মোস্তফা আশিক আলীর ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে। পরে মোস্তফা আশিক আলীকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতাল ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পায়রা বন্দরের তত্ত্বাবধায়ক মো. শাহ আলম বাদী হয়ে শাকিল আহমেদ মধু ও জুলিয়াত তালুকদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো দু-তিনজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে।

কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শওকত জাহান বলেন, মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে মূলত এ ঘটনা ঘটেছে। এজাহারভুক্ত দুই আসামিকে শনিবার রাতেই গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।