রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় এবার মামলা করল পুলিশ। অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে রোববার (১২ মার্চ) দিবাগত রাতে নগরীর মতিহার থানায় মামলাটি হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সকালে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। মামলাটির বাদী থানার উপ-পরিদর্শক (এসআই) আমানত উল্লাহ। এই মামলায় ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সরকারি কাজে বাধার দেওয়ার অভিযোগ এই মামলা দায়ের করা হয়।

এর আগে রোববার (১২ মার্চ) বিকেলে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা হয়ে মতিহার থানায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম বাদী হয়ে মামলাটি করেন।

শনিবার সন্ধ্যায় বাসের ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এরপর রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের ইট-পাটকেলে অন্তত ২০০ শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে প্রায় শতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।