এখন থেকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সপ্তাহে সাতদিনই দেশে ফিরতে পারবেন বাংলাদেশি যাত্রীরা। পাসপোর্টধারীদের বাংলাদেশ হাইকমিশন থেকে কোনো ধরনের অনাপত্তি পত্র লাগবে না।
গত ১৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি নির্দেশনা হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছায়। ইতিমধ্যে নির্দেশনা কার্যকরও হয়েছে। তবে, আগমন চালু হলেও হিলি দিয়ে বর্হিগমন প্রক্রিয়া বন্ধ আছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, আগে দেশে ফিরতে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে যে অনাপত্তি পত্র লাগতো; নতুন নির্দেশনায় সেটি বাতিল করা হয়েছে। এখন থেকে সপ্তাহে সাতদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ রুট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরতে পারবেন।
তিনি আরও জানান, ফেরত আসা যাত্রীদের অবশ্যই ৭২ ঘণ্টার মধ্যে করা আরটি পিসিআর টেস্টের নেগেটিভ সনদ থাকতে হবে। এখানে (ইমিগ্রেশনে) স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম দায়িত্ব পালন করবেন। যাদের করোনার উপসর্গ থাকবে তাদের পরীক্ষা করা হবে। কারো ফলাফল পজিটিভ হলে তাকে আইসোলেশনে থাকতে হবে।










